যুদ্ধের জন্য প্রস্তুত নয় যুক্তরাজ্যের নৌবাহিনী: ব্রিটিশ নৌপ্রধান

Date: 2026-04-01
news-banner

যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে স্বীকার করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান ফার্স্ট সি লর্ড জেনারেল স্যার গুইন জেনকিন্স। তিনি বলেছেন, সফলভাবে যুদ্ধ পরিচালনার মতো সক্ষমতা অর্জনের আগে নৌবাহিনীর এখনও অনেক কাজ বাকি।

এ সময়ই ইরান সংঘাত, যুক্তরাষ্ট্রের চাপ ও বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নৌবাহিনীর বর্তমান সক্ষমতা নিয়ে জেনারেল স্যার গুইনকিন্সের মন্তব্য সরকারের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার সমালোচনা আরও তীব্র করেছে।

ইরান সংঘাতের শুরুতে ব্রিটেনের ছয়টি ডেস্ট্রয়ারের মধ্যে চারটি মেরামতের পর্যায়ে থাকায় অচল ছিল। এছাড়া ন্যাটোর দায়িত্ব পালনে জার্মানি থেকেও যুদ্ধজাহাজ ধার নিতে হয়েছে। বর্তমানে উপসাগরীয় সংকট মোকাবিলায় প্রায় দুই হাজার ব্রিটিশ সেনা প্রস্তুত রয়েছে, যার মধ্যে এক হাজার মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে হরমুজ প্রণালি খুলে নিজস্ব উদ্যোগে নিয়ন্ত্রণ নিতে আহ্বান জানালে, তেলের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছায়। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, দীর্ঘ সংঘাত বৈশ্বিক মন্দার ঝুঁকি বাড়াতে পারে।

এদিকে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ওষুধ সরবরাহে সমস্যা তৈরি হচ্ছে। এনএইচএস ইংল্যান্ডের প্রধান স্যার জিম ম্যাকি জানিয়েছেন, সিরিঞ্জ, গ্লাভস ও স্যালাইন ব্যাগের মতো সরঞ্জাম সরবরাহ নিয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

Leave Your Comments