যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাজ্য কোনোভাবেই জড়াবে না। লন্ডনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “অনেক ব্রিটিশ নাগরিক উদ্বিগ্ন যে আমাদের দেশকে যুদ্ধের মধ্যে টেনে নেওয়া হতে পারে, কিন্তু আমরা যুদ্ধে জড়াব না। স্পষ্ট ও শান্ত নেতৃত্ব-এটাই এখন দেশবাসীর প্রত্যাশা।”
স্টারমার আরও জানান, উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যের উদ্যোগে ইতোমধ্যে ৩৫টি দেশকে একত্রিত করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ নৌপথগুলোকে নিরাপদ রাখা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্য চালু রাখা।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে ব্রিটেনের অবস্থান সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকি কমানো এবং কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে প্রভাব বজায় রাখার কৌশল প্রকাশ করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটিই এখন আন্তর্জাতিক অঙ্গনের মূল প্রশ্ন।