নিজস্ব প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলায় ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চার বছর বয়সি শিশুসন্তান তাওহিদকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তার মা মুক্তা খাতুন (২৫)। শিশুটি ওই গ্রামের প্রবাসী টুটুল ইসলামের ছেলে। টুটুল দুই বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
পুলিশ জানায়, মুক্তা খাতুন প্রথমে বালিশ চাপা দিয়ে শিশুটিকে হত্যা করেন। এরপর নিজেও ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মুক্তা খাতুনের গত দুই বছর ধরে হৃদয় নামের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। এ বিষয়কে কেন্দ্র করে স্বামী বা পরকীয়া প্রেমিকের সঙ্গে দ্বন্দ্বের কারণ হতে পারে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত আছে।
এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা শিশু মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।