নিজস্ব প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগে ‘কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর কর্মচারী রাকিব মোল্লা (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্ত হোটেল মালিক মজনু মোল্লা এখনো পলাতক রয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত ওই হোটেল থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পোনা গ্রামের হিরু মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত রাকিব একই হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি।
গত ১৪ মার্চ রুম পরিষ্কারের কথা বলে কৌশলে ওই নারীকে হোটেলের একটি নির্জন কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে হোটেল মালিক মজনু মোল্লার সহযোগিতায় রাকিব জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর গত ২৫ মার্চ ভুক্তভোগী নারী হোটেল মালিক ও কর্মচারীকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাকিব মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পলাতক হোটেল মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।