মাগুরায় জ্বালানি তেল সংগ্রহের লাইনে দাঁড়িয়ে স্বামীদের সহায়তা করছেন নারীরা

Date: 2026-04-01
news-banner

মাগুরায় জ্বালানি তেল সংগ্রহের লাইনে পুরুষদের পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। স্বামীদের কাজে সহায়তা করতে এবং কৃষিকাজে ব্যাঘাত এড়াতে অনেক নারী নিজেই তেল সংগ্রহে এগিয়ে এসেছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে শহরের ফাতেমা ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, পেট্রোল, ডিজেল ও অকটেন নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন কৃষক, যানবাহন চালক, মোটরসাইকেল আরোহীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ লাইনে উল্লেখযোগ্য সংখ্যক নারীর উপস্থিতিও চোখে পড়ে।

সদর উপজেলার কাটাখালী এলাকা থেকে আসা রোকসানা বেগমকে দেখা যায় শিশু সন্তান কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে। তিনি জানান, তার স্বামী কৃষিকাজ করেন এবং তেল সংগ্রহে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে কৃষিকাজে সময় কম পাওয়া যায়। তাই পরিবারের প্রয়োজন মেটাতে তিনি নিজেই তেল নিতে এসেছেন।

রোকসানার মতো আরও অনেক নারীই একই কারণে পাম্পে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। তারা মনে করছেন, পরিবারের একজন সদস্য তেল সংগ্রহে সময় দিলে অন্যজন কৃষিকাজ বা অন্যান্য জরুরি কাজ চালিয়ে যেতে পারবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এবং জ্বালানি সংকটের আশঙ্কায় সাধারণ মানুষ ও কৃষকেরা আগেভাগেই তেল সংগ্রহে ঝুঁকছেন। এর ফলে পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চলমান বোরো মৌসুমে সেচযন্ত্র চালাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। কৃষকেরা আশঙ্কা করছেন, তেলের সরবরাহ ব্যাহত হলে ধান আবাদে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক আব্দুল আল মাহামুদ জানান, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে আন্তর্জাতিক পরিস্থিতি ও মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।

Leave Your Comments