ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

Date: 2026-04-01
news-banner

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর সদর এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই ক্লাস চলছিল। হঠাৎ করেই ছাদের সঙ্গে সংযুক্ত একটি সিলিং ফ্যান খুলে পড়ে সরাসরি এক ছাত্রীর মাথায় আঘাত হানে।

আহত ছাত্রী এশা সূত্রধর (১৬) গুরুতরভাবে আহত হন। সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক সরঞ্জামগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

অভিভাবক ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হলেও বাস্তবে তার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। তারা দ্রুত স্কুল ভবনের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।

এদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Leave Your Comments