টঙ্গীতে পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ

Date: 2026-04-01
news-banner

মোঃ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার:-

গাজীপুর  এলাকায় দাম্পত্য কলহের জেরে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে এক গৃহবধূ। পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামীর গোপনাঙ্গ কেটে নিজেই থানায় হাজির হয়েছেন স্ত্রী। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুলাল হোসেন রকি (৩৫) স্থানীয় আলী আজগরের ছেলে। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক। 

অপরদিকে অভিযুক্ত স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বগারগুত গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে এবং পেশায় গার্মেন্টসকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে এ নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী রকি ঘুমিয়ে পড়লে মধ্যরাতে ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন স্ত্রী ঝিনুক।
এ সময় রকির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঝিনুক রক্তমাখা ছুরি ও কাটা অংশ নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত রকিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও চাঞ্চল্যকর। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ঝিনুককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

Leave Your Comments