মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

Date: 2026-04-02
news-banner

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার বিষয়ে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছেন—এমন বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নোটিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন জনসভায় বক্তব্য দিতে গিয়ে মুফতি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখতে তাকে মাত্র তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, “আমাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার অবস্থান থেকে সরবো না।” তার এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়, এমন গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনার পরও ঘুষ প্রস্তাবকারীদের নাম গোপন রাখা রাষ্ট্রীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। নোটিশ প্রদানকারীর দাবি, দুর্নীতিমুক্ত দেশ গঠনের স্বার্থে ঘুষদাতা ও গ্রহীতা—উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। অথচ অভিযুক্তদের পরিচয় গোপন রাখার মাধ্যমে অপরাধীদের পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

এতে বলা হয়, বর্তমান সরকার যখন সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে, তখন এমন সংবেদনশীল ইস্যুতে সংশ্লিষ্টদের নাম প্রকাশ করা দায়িত্বশীলতার মধ্যেই পড়ে। অন্যথায় এটি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও উল্লেখ করা হয়।

নোটিশে মুফতি আমির হামজাকে অনুরোধ জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ অথবা তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে কুষ্টিয়াবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে।

তবে এ বিষয়ে মুফতি আমির হামজার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave Your Comments