বিশ্বব্যাপী তেলের দামে বড় লাফ

Date: 2026-04-02
news-banner

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর চরম আঘাত হানার হুমকির পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে হঠাৎ বড় উল্লম্ফন দেখা গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তেলের দাম ৬ শতাংশেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

জানা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ১০৮ ডলারে পৌঁছেছে, যা ৬.৭ শতাংশ বৃদ্ধি। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬.৪৫ ডলারে।

বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির মূল কারণ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা। বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

ইরানকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, “আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। তাদের সেই অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, যেখানে তাদের থাকা উচিত ছিল।”

এর আগে চলতি সপ্তাহে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। তখন ধারণা করা হচ্ছিল, যুক্তরাষ্ট্র হয়তো সামরিক অভিযান কমাতে পারে বা কূটনৈতিক সমাধানের পথে এগোতে পারে। তবে ট্রাম্পের নতুন হুমকির পর সেই আশায় ভাটা পড়ে এবং বিনিয়োগকারীদের মধ্যে আবারও উদ্বেগ বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, যদি মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে।

Leave Your Comments