তেলকান্ডে শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা, ট্যাগ অফিসারকে সতর্ক করল প্রশাসন

Date: 2026-04-03
news-banner

পুলক রায়,শেরপুরঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দায়িত্বরত ট্যাগ অফিসার মুক্তার হোসেনকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংঘটিত এক বিশৃঙ্খল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসন এ ব্যবস্থা নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সকাল থেকে ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের ভিড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নির্ধারিত নিয়ম উপেক্ষা করে অনেকেই লাইনে না দাঁড়িয়ে জোরপূর্বক সামনে যাওয়ার চেষ্টা করেন। এতে করে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।

এমন পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মুক্তার হোসেন কার্যকর কোনো ভূমিকা না রেখে ঘটনাস্থল এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। বরং তিনি নিজেই নিয়ম ভেঙে উল্টো দিক দিয়ে প্রবেশ করে তেল সংগ্রহ করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

অব্যবস্থাপনার কারণে ফিলিং স্টেশন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক গ্রাহক তেল নিতে ব্যর্থ হন। কেউ কেউ অভিযোগ করেন, একই ব্যক্তি একাধিকবার তেল সংগ্রহ করেছেন, যা সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ায়।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং শৃঙ্খলা ফেরানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, দায়িত্বে গাফিলতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave Your Comments