কুয়েতের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন

Date: 2026-04-03
news-banner

কুয়েতের প্রধান তেল শোধনাগার মিনা আল-আহমাদি রিফাইনারিতে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে জোর তৎপরতা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সংঘটিত এ ঘটনায় রিফাইনারির একটি অংশে আগুন ধরে যায় বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন।

আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই জরুরি সেবা ও ফায়ারফাইটিং ইউনিট দ্রুত সক্রিয় হয়ে ওঠে। আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সেজন্য সমন্বিতভাবে কাজ করছে সংশ্লিষ্ট সব ইউনিট।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রিফাইনারিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত রাখা হয়েছে।

পরিবেশগত ঝুঁকি এড়াতে আশপাশের এলাকার বায়ুর মান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে এনভায়রনমেন্ট পাবলিক অথরিটি-এর সঙ্গে সমন্বয় করছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের পরিবেশগত ক্ষতির লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে পুরো অঞ্চলেই নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

এর জেরে ইরান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এসব হামলার প্রভাব ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পড়ছে, বিশেষ করে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে তা শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতিই নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Leave Your Comments