নিজস্ব প্রতিনিধি :
মাগুরায় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে বিশেষ কেবিন চালু করা হয়েছে। এই কেবিনে ভর্তি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, সদর হাসপাতালে হামে আক্রান্ত অন্তত ছয়জন শিশু ভর্তি রয়েছে। চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে তাদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত মোট ১১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে একজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং শ্রীপুরে একজন চিকিৎসাধীন রয়েছে।
রোগীদের স্বজনরা জানিয়েছেন, সদর হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থা সন্তোষজনক। শিশুরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ কেবিন চালু করা হয়েছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সরা সার্বক্ষণিক সেবা দিচ্ছেন। তিনি নিজেও হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি আরও জানান, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে এবং অধিকাংশ রোগী সুস্থতার পথে রয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। শিশুদের জ্বর, ফুসকুড়ি বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।