টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

Date: 2026-04-03
news-banner

নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা দুই দিনে একই হাসপাতালে দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটলো, যা স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের আট মাস বয়সী আরেকটি শিশু মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে টাঙ্গাইলে দিন দিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৩ জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের বেশি সময় ধরে জেলায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে চলেছে। শুক্রবার পর্যন্ত মোট ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে ভর্তি হওয়া শিশুদের বয়স আড়াই মাস থেকে ১২ মাসের মধ্যে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান জানান, “হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের জ্বর, ফুসকুড়ি বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave Your Comments