নিজস্ব প্রতিনিধি :
ভোলার পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে আসা যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর থেকেই শহরের এ রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় করেন চালকরা। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
ভুক্তভোগী চালকদের অভিযোগ, পাম্পগুলোতে তেলের পর্যাপ্ত মজুত থাকলেও মাত্র দুই-তিনটি পাম্প থেকে তেল সরবরাহ করা হচ্ছে। ফলে কৃত্রিম এই সংকটের কারণে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
সরেজমিনে দেখা যায়, ভোর হওয়ার আগেই শত শত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন পাম্পের সামনে জড়ো হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন আরও দীর্ঘ হয়ে প্রায় এক কিলোমিটার ছাড়িয়ে গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের মধ্যে চরম ক্ষোভ ও বিরক্তি লক্ষ্য করা গেছে।
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, তেলের কোনো সংকট নেই এবং মজুত পর্যাপ্ত রয়েছে। তবে গ্রাহকদের অভিযোগ, জেলাজুড়ে সব পাম্প থেকে সমানভাবে তেল সরবরাহ না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
লাইনে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহী বলেন, “গভীর রাত থেকে অপেক্ষা করছি। পাম্পে তেল আছে, কিন্তু দিচ্ছে খুব ধীরে। সরকার যদি আগের মতো খুচরা বাজারেও তেল বিক্রির সুযোগ দিত, তাহলে আমাদের এই ভোগান্তি পোহাতে হতো না।”