জয়পুরহাটে নদীতে পড়ে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

Date: 2026-04-03
news-banner

নিজস্ব প্রতিনিধি :

জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীতে পড়ে আব্দুল্লাহ নামে আট বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে পৌর এলাকার ঠেঙ্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল্লাহ ওই গ্রামের মোহাম্মদ ফারুকের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে আব্দুল্লাহ তার কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীর তীরে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে নদীতে পড়ে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। পরে খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। প্রয়োজনে রাজশাহী থেকে ডুবুরি দল ডাকারও প্রস্তুতি রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

Leave Your Comments