মোঃ নয়ন ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় নবগঠিত 'জাতীয় ছাত্রশক্তি'র উপজেলা কমিটির প্রথম মাসিক সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির সদস্য ও নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি বেগবান করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দ একে অপরের সাথে পরিচিত হন এবং উপজেলার ছাত্র রাজনীতিতে ছাত্রশক্তির আদর্শ ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোঃ তুষার ইমরান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সদস্য সচিব মোঃ উমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হোসেন ও কাওসার ইভান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান মুন্না, সংগঠক রেবেকা সুলতানা রুহানী, সদস্য মোছাঃ মোমিনা আক্তার ও ঝর্না আক্তারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আরও ২০-২৫ জন সক্রিয় নেতাকর্মী এই পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ডিমলা উপজেলায় জাতীয় ছাত্রশক্তিকে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সাধারণ ছাত্রদের অধিকার আদায় এবং মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নবগঠিত এই কমিটির মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগেই উৎসবমুখর পরিবেশে পরিচিতি পর্ব ও সভার সমাপ্তি ঘোষণা করা হয়।