দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ চার জেলায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে, যা জনমনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ২ জন এবং কক্সবাজারে ২ জন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে দেশের ৮ বিভাগে ৯৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোগের প্রকোপ বাড়তে থাকায় সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। অনেক অভিভাবকই সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার গত ২৯ মার্চ থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে তাদের সন্তানদের এই কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না পাওয়াই হামের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। ভ্যাকসিন গ্রহণের ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ফলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
শিশু বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ে টিকা না দিলে হাম থেকে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
সার্বিক পরিস্থিতিতে হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।