ফরিদপুরে ৮ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত ২ শতাধিক

Date: 2026-04-04
news-banner

ফরিদপুরে একটি ফুটবল টুর্নামেন্টের মাইকিংকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে অন্তত আটটি গ্রামের মানুষ। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ টানা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এতে উভয়পক্ষের দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়িয়ে পড়ে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা, সিংগারিয়া’সহ আশপাশের আরও কয়েকটি গ্রামের বাসিন্দারা। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বিকেলে। চার গ্রামের একটি ফুটবল টুর্নামেন্টের মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সঙ্গে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে সন্ধ্যায় এর জেরে মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের কয়েকজন যুবক।

এই ঘটনার প্রতিশোধ নিতে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটে

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গেলে ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কাজ করছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave Your Comments