খুলনায় গুম ও নির্যাতিত পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান।

Date: 2026-04-04
news-banner


“তারেক রহমানের নির্দেশ, গড়বো নতুন বাংলাদেশ”—এই প্রত্যয় সামনে রেখে খুলনায় বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। অসহায়, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে এক আবেগঘন পরিবেশে।

আজ শনিবার খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের মাঝে সর্বমোট ৭ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান-এর পক্ষ থেকে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি বিপ্লবী সালাম ও গভীর সমবেদনা জানানো হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে গুম ও খুনের সংস্কৃতি প্রতিষ্ঠা করে মানুষের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু অসংখ্য মানুষের ত্যাগ, রক্ত এবং স্বজন হারানোর বেদনার বিনিময়ে আজ দেশের মানুষ নতুন করে মুক্তির স্বাদ পাচ্ছে।


তিনি আরও বলেন, জেলা পরিষদের এই সহায়তা কোনো দয়া নয়, বরং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার। অতীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে দুর্বল করে দেওয়া হলেও এখন সেই অবস্থার পরিবর্তন ঘটছে এবং জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে।

খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Leave Your Comments