পুলক রায়,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হাম রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম নতুন করে গতি পেয়েছে। নিয়মিত ইপিআই সূচির আওতায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৯ মাস থেকে ২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় টিকাদান সূচি অনুযায়ী শিশুরা ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ গ্রহণ করে। তবে যারা নির্ধারিত সময়ে টিকা নিতে পারেনি, তাদের খুঁজে বের করে পুনরায় টিকার আওতায় আনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিভাবকদের মধ্যে এ নিয়ে সচেতনতাও বাড়ছে। অনেকেই মনে করছেন, সময়মতো টিকা দেওয়ার মাধ্যমে শিশুর স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ফলে সন্তানদের সুরক্ষায় টিকাদানে আগ্রহ বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, নতুন ভ্যাকসিন সরবরাহ এলে ক্যাম্পেইন আকারে বৃহত্তর পরিসরে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সে ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত শিশুদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়। তাই সকল অভিভাবককে সচেতন হয়ে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।