পঞ্চগড়ে পোলে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

Date: 2026-04-05
news-banner

সড়ক অবরোধ করে বিক্ষোভ স্বজন ও স্থানীয়দের

মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বিদ্যুৎ অফিসের গাফিলতিকে দায়ী করে পঞ্চগড় নেসকোর কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে রাখে।  

রবিবার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহিন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নুল হকের ছেলে। 

স্থানীয়রা জানায়, বিকেলে ধাক্কামারা গোলচত্বর সংলগ্ন বিদ্যুতের পোলে উঠে বিদ্যুতের তার মেরামত করছিলেন লাইনম্যান শাহিন আলম। মেরামত শেষ না হতেই ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালন করা হলে মুহুর্তেই বিদ্যুতায়িত হয়ে তারেই ঝুলে ছটফট করতে থাকে শাহিন। ১৭ মিনিট পর বিদ্যুৎ বন্ধ করে কর্তৃপক্ষ। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে নামিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সহ বিদ্যুৎ অফিস ঘেরাও করে নিহতের স্বজন ও স্থানীয়রা। 

পঞ্চগড় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি দাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে পোল থেকে নিচে নামানো হয়। পরে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে বিদ্যুতের লাইন ঠিক করার জন্য মূলত সেখানে উঠেছেন। 
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave Your Comments