মোঃ মহাসিন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি পলিটেকনিক্যাল কলেজে স্থাপিত অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পটি আজ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচনের ৫১ দিন পর রোববার (৫ এপ্রিল ২০২৬) সকালে সেনাবাহিনীর সদস্যরা তাদের কার্যক্রম শেষে যশোর সেনানিবাসের উদ্দেশ্যে রওনা দেন।
জানা যায়, সকাল ৮টার পর ৩৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মোঃ সাজিদের নেতৃত্বে মোট ৫৪ জন সেনাসদস্য কালিগঞ্জ ক্যাম্প ত্যাগ করেন। তারা পলিটেকনিক্যাল কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্প গুটিয়ে নিয়ে নিজ নিজ মূল ঘাঁটি যশোর সেনানিবাসে ফিরে যান।
সেনাবাহিনী প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দেয়। এলাকাবাসীর দাবি, সেনাবাহিনী অবস্থানকালে অপরাধী ও অসাধু চক্রের মধ্যে এক ধরনের ভীতি কাজ করত, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। হঠাৎ করে সেনা ক্যাম্প প্রত্যাহার করায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের আশঙ্কা, সেনাবাহিনী চলে যাওয়ার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তবে তারা মনে করেন, পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালন করে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এলাকাবাসীর দাবি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত পুলিশি টহল জোরদার এবং প্রয়োজন হলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আলম বলেন, অন্তর্বর্তীকালীন সময় থেকে কালিগঞ্জে সেনাবাহিনী অবস্থান করায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল। সেনাবাহিনী চলে যাওয়ার পর কিছুটা উদ্বেগ তৈরি হলেও প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করলে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব।
এদিকে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, আরও কিছুদিন সেনাবাহিনী অবস্থান করলে ভালো হতো। তার মতে, সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় ছিল। বর্তমানে তাদের প্রত্যাহারে একটি সুবিধাবাদী চক্র সক্রিয় হয়ে উঠতে পারে এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।