রোববার (৫ এপ্রিল) রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে উদযাপন করা হয় ব্যাংকের ৫০ বছর পূর্তি এবং নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নোবেলজয়ের ২০ বছর পূর্তি। অনুষ্ঠানে ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রফেসর ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। টাউন হল সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি গ্রামীণ ব্যাংকের সূচনালগ্নের সংগ্রামের স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র নারীদের মাত্র ৫ টাকা করে ঋণ দিয়ে বাঁশের ঝুড়ি তৈরি ও বিক্রির মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রমের ধারণা জন্ম নেয়। সেই উদ্যোগ ধীরে ধীরে নারীদের আত্মনির্ভরশীলতা, শিক্ষার উন্নয়ন এবং সামাজিক অবস্থানের শক্তিশালী করার মাধ্যমে একটি বৃহত্তর সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।
২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পর এটি তার প্রথম গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় পরিদর্শন। তিনি পুরোনো সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যাংকের কার্যক্রম আরও অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের পুরনো বাসভবন এবং গ্রামীণ চেকের স্টল পরিদর্শন করেন। পরে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়ে প্রশিক্ষণ ভবনের ক্যান্টিনে মধ্যাহ্নভোজে অংশ নেন।