আবু জাফর বিশ্বাস, বরিশাল :
বরিশাল রেঞ্জ আন্তঃ পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর জেলা পুলিশ ক্রিকেট দল। ৪ এপ্রিল (শনিবার) বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বরিশাল জেলা পুলিশ দলকে পরাজিত করে তারা শিরোপা জিতে নেয়।
চ্যাম্পিয়ন হওয়ার পরদিন ৫ এপ্রিল (রবিবার) পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এ সময় তিনি খেলোয়াড়দের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন।
পুলিশ সুপার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ সদস্যদের শারীরিক সক্ষমতা ও দলগত মনোভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এমন সাফল্য ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই অর্জনে পিরোজপুর জেলা পুলিশের সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।