শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুস্থতার জন্য বিজ্ঞান” প্রতিপাদ্যকে সামনে রেখে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ পারভীন, মাথাভাঙা মহিলা আলিম মাদ্রাসার সুপার মো. আলিম, রসুলপুর মাদ্রাসার সুপার মো. মুক্তার হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানরা।