তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি:
ঝিনাইগাতী রাংটিয়া রেঞ্জাধীন তাওয়াকোচা বিটের পানবর মৌজায় ফসলের ক্ষতি থেকে রক্ষা পেতে অবৈধভাবে বিদ্যুতায়িত জি-আই তার দিয়ে ফাঁদ পেতে রাখার ঘটনা উদঘাটন করেছে বন বিভাগ। মঙ্গলবার (৭এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুট্টা ও ধানক্ষেতকে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করতে কিছু অসাধু ব্যক্তি ক্ষেতের চারপাশে জি-আই তার টানিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দেন। এতে হাতির স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং যে কোনো সময় প্রাণহানির ঝুঁকি ছিল।
খবর পেয়ে তাওয়াকোচা বিটের বিট কর্মকর্তা ফাহিম মুনতাসিরের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। এসময় ক্ষেতের চারপাশে দেওয়া সব অবৈধ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। এ বিষয়ে তাওয়াকোচা বিটের বিট কর্মকর্তা
ফাহিম মুনতাসির বলেন, “বন্য প্রাণী, বিশেষ করে হাতি সংরক্ষণে এ ধরনের অবৈধ বিদ্যুৎ ফাঁদ অত্যন্ত বিপজ্জনক ও দণ্ডনীয় অপরাধ। এতে শুধু বন্যপ্রাণী নয়, মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, স্থানীয়দের সচেতন করতে বন বিভাগ কাজ করছে এবং হাতি প্রতিরোধে নিরাপদ ও আইনসম্মত পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান।
এ ঘটনায় এলাকায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ সংযোগ না দেওয়ার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।