স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: রাজধানীতে আটক ১

Date: 2026-04-08
news-banner

মোঃ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার:

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজধানীর তোপখানা রোডে অবস্থিত মেহেরবা প্লাজার একটি সিল তৈরির দোকানে অভিযান চালায়। অভিযানকালে ‘জে আর এন্ড ব্রাদার্স’ নামের ওই প্রতিষ্ঠান থেকে আবু তৈয়বকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের নামে জাল সিল তৈরির চেষ্টা করছিলেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকের সময় তার কাছ থেকে সিল তৈরির কিছু সরঞ্জাম ও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এসব আলামত যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শাহবাগ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক আবু তৈয়বের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave Your Comments