ডিমলায় স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মোটরসাইকেলের জ্বালানি তেল সরবরাহে বিশেষ ব্যবস্থা

Date: 2026-04-09
news-banner

ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আওতায়ধীন বিভিন্ন স্কুল, কলেজ, ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল (পেট্রোল) সরবরাহে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ আফরোজা বেগম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহের জন্য একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।

এই লক্ষ্যে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা তাদের প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মোটরসাইকেল ব্যবহারের তথ্যাদি নির্দিষ্ট ছক মোতাবেক প্রস্তুত করেন। জ্বালানি সংগ্রহের জন্য নির্ধারিত তারিখ ও সময়ে নিজ নিজ প্রতিষ্ঠানের প্যাডে প্রত্যয়নপত্র সহ তেল সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, প্রতি ব্যক্তির জন্য পৃথকভাবে প্রত্যয়নপত্র ইস্যু করতে হবে এবং কোনো প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না। জ্বালানি সরবরাহ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং দিনক্ষণ জানতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদিত WhatsApp গ্রুপে নিয়মিত চোখ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া, সহকারী প্রোগ্রামার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মহোদয়গণও এই গ্রুপে নিয়মিত আপডেট প্রদান করবেন।

জ্বালানি তেল সরবরাহের সঠিক হিসাব রাখার জন্য একটি নির্দিষ্ট তালিকা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে ক্রমিক নম্বর, শিক্ষক/কর্মচারীর নাম ও পদবী, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর, এবং ফোন নম্বর লিপিবদ্ধ থাকবে। এছাড়া, জ্বালানি তেল সরবরাহের বিবরণের জন্য তারিখ, পরিমাণ এবং স্বাক্ষরের কলামযুক্ত আরেকটি ছক তৈরি করা হয়েছে।

এই বিশেষ ব্যবস্থা গ্রহণের ফলে, ডিমলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মোটরসাইকেলের জ্বালানি তেল প্রাপ্তি সহজতর হবে বলে আশা করা হচ্ছে, যা শিক্ষা কার্যক্রমে তাদের যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave Your Comments