নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ইয়াসিন (৪০) কে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার আনারপুরা জেএমআই ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ইয়াসিন গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের ইম্মত আলীর ছেলে। পুলিশ জানায়, মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ২০টির বেশি মামলা রয়েছে। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, ইয়াসিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
তিনি আরও জানান, গজারিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।