ডিমলায় চরাঞ্চলের কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ

Date: 2026-04-12
news-banner

মোঃ নয়ন ইসলাম, ডিমলা (নীলফামারী): 

নীলফামারীর ডিমলা উপজেলায় চরাঞ্চলের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিতকরণ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চরাঞ্চলের কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে লো লিফট পাম্প (এলএলপি) সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়।

রবিবার (১২ এপ্রিল) সকালে সেচ সরঞ্জাম বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেচ সরঞ্জাম বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিমলা উপজেলার একটি বড় অংশ চরাঞ্চল। শুষ্ক মৌসুমে পানির অভাবে চরাঞ্চলের কৃষকরা ফসল উৎপাদনে নানা সমস্যার সম্মুখীন হন। এই এলএলপি সেট ও পাইপ বিতরণের মাধ্যমে কৃষকরা সহজেই নদী বা জলাশয় থেকে পানি উত্তোলন করে ফসলি জমিতে সেচ দিতে পারবেন। এর ফলে চরাঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে এবং কৃষকদের জীবনমান উন্নত হবে।

দীর্ঘদিন ধরে সেচ সংকটে থাকা স্থানীয় কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উন্নত মানের ক্যানভাস পাইপ ও পাম্প সেট হাতে পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জানান যে, এখন থেকে তারা সময়মতো জমিতে পানি দিতে পারবেন, যা ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave Your Comments