নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

Date: 2026-04-12
news-banner

পুলক রায়,শেরপুরঃ

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার(১২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্ত্বরে
উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: মশিউর রহমান।

প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আউশ ধানের উন্নত জাতের বীজ (ব্রিধান-৪৮ ও ব্রিধান-৯৮) প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নালিতাবাড়ীতে আউশ ধানের আবাদ দিন দিন কমে যাচ্ছে। এ প্রেক্ষাপটে আউশ আবাদে কৃষকদের আগ্রহ বাড়ানো এবং শস্যের নিবিড়তা বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কৃষি কর্মকর্তারা আশা করছেন, এ ধরনের সহায়তা কৃষকদের আউশ চাষে উদ্বুদ্ধ করবে এবং আগামী মৌসুমে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Leave Your Comments