মোঃ মহাসিন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে
সাতক্ষীরার কালিগঞ্জে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে আর্মি, র্যাব ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু।
অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ১,২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়েছে।
এ সময় সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের জন্য ব্যবহৃত সেচ মেশিন এবং একাধিক ভেকু গাড়ি পরিচালনার জন্য এই তেল সংরক্ষণ করা হয়েছিল।তবে স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করে আসছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু সাংবাদিকদের জানান, অতিরিক্ত পরিমাণ ডিজেল মজুদের কারণে ৬ ব্যারেল তেল জব্দ করা হয়েছে এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযুক্ত চেয়ারম্যান ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন।