শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল—
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা”
এবং
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) ফজলুর করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগান মোল্লা, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়। পরে উপজেলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে এসে সমাপ্ত হয়।
বৈশাখী এই আয়োজনকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।