স্থবিরতা কাটাতে তাহিরপুর ক্রীড়া সংস্থার নতুন কমিটি: সভাপতি ইউএনও মেহেদী হাসান মানিক, সদস্য সচিব সাকিব মুন খোকন

Date: 2026-04-17
news-banner

মোঃ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার:-

দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে অবশেষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিককে সভাপতি এবং তরুণ ক্রীড়া সংগঠক সাকিব মুন খোকনকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির মাধ্যমে উপজেলার ক্রীড়া কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলাই প্রধান লক্ষ্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত সদস্য সচিব সাকিব মুন খোকন দীর্ঘদিন ধরে ক্রীড়া অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড় গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা ও ক্রীড়ার প্রতি আন্তরিকতা বিবেচনায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সাকিব মুন খোকন বলেন, “তাহিরপুরের ক্রীড়াঙ্গনকে সক্রিয় ও গতিশীল করতে আমরা কাজ করবো। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত খেলার আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “স্থানীয় প্রশাসন, ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলের সহযোগিতা পেলে তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব হবে।

এদিকে, নতুন কমিটি গঠনের খবরে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, এ কমিটির মাধ্যমে দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কাটিয়ে উপজেলায় খেলাধুলার চর্চা আবারও জোরদার হবে।

উল্লেখ্য, এর আগে তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন পলাশ। স্থানীয়দের অভিযোগ, তার দায়িত্বকালীন সময়ে ক্রীড়া সংস্থার কার্যক্রম প্রায় অচল ছিল এবং উপজেলা পর্যায়ে উল্লেখযোগ্য কোনো খেলার আয়োজন হয়নি।

এছাড়া, খেলার মাঠ সংস্কারের জন্য একাধিকবার বরাদ্দ দেওয়া হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে। বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছ তার বিরুদ্ধে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave Your Comments