মোঃ আলামিন হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি মসজিদের পুকুর থেকে কয়েক লাখ টাকার মাছ লুটের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি এনামুল হক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল গাবরগাড়ী জামে মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে। পরে জাল ফেলে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার মাছ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এ সময় মসজিদ কমিটির সদস্যরা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মসজিদ কমিটির পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে অভিযুক্তরা মাছ নিয়ে চলে যায়।
ঘটনার পর মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন বাদী হয়ে এনামুল হক ও আব্দুর রাজ্জাকসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এদিকে অভিযোগের প্রতিকার না পেয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মসজিদ কমিটি ও গ্রামবাসী যৌথভাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্তদের সমর্থকরা অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন, ইদ্রিস হোসেন, ইলিয়াস হোসেন, জফের হোসেন, লিপি খাতুন, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন ও সুলতান শেখসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন বলেন,
“পুকুরের মাছ বিক্রির টাকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের বেতনসহ অন্যান্য ব্যয় নির্বাহ করা হয়। কিন্তু অভিযুক্তরা রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ লুট করে নেয়। আমরা বিচার চেয়ে কোনো প্রতিকার না পেয়ে মানববন্ধন করেছি, আর তাতেই আমাদের ওপর হামলা করা হয়েছে।”
অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন,
“পুকুরে গ্যাসের কারণে মাছ মারা গিয়েছিল। পুরো গ্রামের লোকজনই মাছ নিয়েছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
অপর অভিযুক্ত এনামুল হকের বক্তব্য একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন,
“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”