আব্দুল্লাহ আল মামুন: গতকাল (২১ অক্টোবর) পল্টন মডেল থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রাজধানী ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজি, ডাকাতি, অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল নোটের ব্যবসা, মাদকের কারবার, নিষিদ্ধ জঙ্গী সংগঠনের কার্যক্রম ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ কঠোরহস্তে দমনে সরকারি নির্দেশনায় বিশেষ অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর পল্টন থানাধীন বিজয় নগর এলাকা থেকে মো. হৃদয় (৩২), মো. রফিক (২৫) ও মো. জীবন (২১) নামের ছিনতাইকারী চক্রের এই সক্রিয় সদস্যদের আটক করে বলে র্যাব সূত্র জানায়। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩ টি চাকু উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবত পল্টনসহ আশেপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করা হয়।