হাম-রুবেলা নিয়ন্ত্রণে দুর্গাপুরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন

Date: 2026-04-20
news-banner

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে হাম-রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিরিশিরি ওয়াইডব্লিউসি নার্সারি স্কুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হান।

উদ্বোধনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় ওয়াইডব্লিউসি’র সভানেত্রী লুদিয়া রুমা সাংমার সভাপতিত্বে এবং এফপিআই দ্বীন মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক ধ্রুব সরকারসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হান জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। তিনি বলেন, এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে এলাকায় হাম-রুবেলা সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে এবং শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

জাতীয় এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Leave Your Comments