বন্দরে কলেজছাত্রীসহ দুই সহপাঠীর পথরোধ, ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগ

Date: 2026-04-20
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের বন্দরে এক কলেজছাত্র ও তার সহপাঠী ছাত্রীকে পথরোধ করে ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিনহাজুল ইসলাম (১৯) বন্দর থানাধীন কদমরসুল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার সহপাঠী ফাতেমা খাতুন তানিয়া (১৮)-সহ সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে কলেজ শেষে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ ইসলামবাগ স্কুল মাঠ এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাদের পথরোধ করে।

এসময় অভিযুক্তরা মিনহাজুল ইসলামের কাছ থেকে নগদ ১ হাজার টাকা ও একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা) ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার সহপাঠী তানিয়ার কানের ছয় আনা ওজনের স্বর্ণের দুল (আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা) জোরপূর্বক নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্তরা ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর আগে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা এলাকায় পূর্ব থেকেই বিভিন্ন অপকর্মে জড়িত এবং শিক্ষার্থীদের বিরক্ত করে আসছিল। ঘটনার পর পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে বন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments