এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি

Date: 2026-04-21
news-banner

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে হঠাৎ ঘাটতি দেখা দিয়েছে দেশে। সাগরে ভাসমান একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক জরুরি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানায়, একটি এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বৃহৎ গ্যাস বিতরণ নেটওয়ার্কে।

তিতাস গ্যাসের বার্তায় আরও বলা হয়, সরবরাহ ঘাটতির কারণে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ বিস্তৃত এলাকায় স্বল্পচাপ বিরাজ করছে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সংকটে ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জ্বালানি খাতে এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের কারিগরি ত্রুটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, বন্ধ থাকা এফএসআরইউ দ্রুত সচল করার জন্য কাজ চলছে। তবে স্বাভাবিক সরবরাহ পুরোপুরি ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে।

এদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় রান্নাবান্না এবং শিল্প উৎপাদনে ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

Leave Your Comments