নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি গরুর খামার পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় খামারে থাকা গরু-ছাগলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পুরাতন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিরবতা ভেঙে হঠাৎ আগুন দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর রোয়াংছড়ি স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে তিনটি বসতঘর, একটি গরুর খামার এবং খামারে থাকা তিনটি গরু ও তিনটি ছাগল পুড়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয়দের ধারণা, প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোয়াংছড়ি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।