যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল রাখার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এক ঘোষণায় ট্রাম্প বলেন, পাকিস্তানের অনুরোধে নির্ধারিত হামলা স্থগিত রেখে যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছে, যাতে ইরান যুদ্ধ অবসানে একটি প্রস্তাব দেয়ার সুযোগ পায়।
সামাজিকমাধ্যমে দেয়া বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নৌ-অবরোধ অব্যাহত রাখতে নির্দেশ দেয়া হয়েছে এবং তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে। ইরান প্রস্তাব না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা জানায়, পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানানো হবে।
এর আগে একই দিনে ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর বিরোধিতা করে ইরানকে সতর্ক করেছিলেন। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি অবস্থান পরিবর্তন করেন।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাছি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে ‘যুদ্ধের শামিল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ইরান প্রস্তুত রয়েছে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও নৌ-অবরোধ বহাল থাকায় পাকিস্তানে নির্ধারিত সম্ভাব্য আলোচনায় ইরান অংশ নেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি অনিশ্চিতই রয়ে গেছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে লেবানন ইস্যু ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা