যুক্তরাষ্ট্র কংগ্রেসের ইরান-আমেরিকান ডেমোক্র্যাট সদস্য ইয়াসামিন আনসারি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, এসব আক্রমণের সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই; বরং ‘ব্যর্থ ও অবৈধ যুদ্ধ’ থেকে মনোযোগ সরানোর উদ্দেশ্যেই এগুলো করা হচ্ছে।
আনসারি জানান, এই হুমকি শুধু তার ব্যক্তিগত নিরাপত্তাই নয়, তার পরিবার ও স্টাফদের ওপরও প্রভাব ফেলছে। তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে এআই-জেনারেটেড ছবি ব্যবহার এবং পরিবার নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, তার পরিবার অতীতে ইরানের শাসনব্যবস্থার কঠোরতার শিকার হয়েছে, যা তাকে মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করেছে।
ডোনাল্ড ট্রাম্প ও পিট হেগসেথের নীতির সমালোচনা করে তিনি জানান, তিনি একদিকে এই ‘অবৈধ যুদ্ধের’ বিরোধিতা করছেন, অন্যদিকে ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান স্পষ্ট করেছেন।
আনসারি দাবি করেন, তার নির্বাচনি এলাকার প্রায় ৭৫ শতাংশ মানুষও এই যুদ্ধের বিরোধী।
সূত্র: আল-জাজিরা