তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি:
আজ ২২ এপ্রিল (বুধবার), বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর এ দিনকে বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে উদযাপন করা হয়। এটি জাতিসংঘ নির্ধারিত একটি দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘আমাদের শক্তি, আমাদের গ্রহ’।
শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে “আপন শিক্ষা পরিবার”-এর প্রধান শিক্ষক রহমত আলীর উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই।
সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন ১৯৯০ খ্রিস্টাব্দে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ। জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেয়া হয়। এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে।
এ সময় এক শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে গাছ লাগানো ও পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।