রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বনানীর সেতু ভবনের বিপরীত পাশে ফুট ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সিটি কর্পোরেশনের শ্রমিক ছিলেন এবং সড়ক বিভাজকের কাজ করছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বাস পথচারীকে বাঁচাতে হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাস ও ডিভাইডারের মাঝখানে চাপা পড়ে ওই দুই শ্রমিক নিহত হন।
দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে যায়। বাসটি জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।