ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের ১০৮ নম্বর কক্ষে চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। হল করিডরের সিসি ফুটেজ থেকে এ তথ্য জানা যায়। সিসিটিভি ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে।
যানা যায়,ভুক্তভোগী ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর হোসেন সিসি ক্যামেরার দৃশ্য দেখে প্রাথমিকভাবে একই রুমের অন্য এক রুমমেটকে শনাক্ত করেছেন। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রিফাত হোসেন।
ভুক্তভোগী তানভীর বলেন, শুক্রবার রুমের সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে দেখি আমার এবং আমার আরেকজন বন্ধুর তোষক, কম্বলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে। এরপর রুমমেটদের জিজ্ঞাসা করলে কেউ কিছুই দেখেনাই বলে জানায়। পরে সিসি ক্যামেরার দৃশ্য দেখে নিশ্চিত হই জিনিসপত্র রিফাত হাসান এবং তার সহযোগীরা চুরি করেছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত রিফাত সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এই অভিযোগের ব্যাপারে হল কর্মকর্তা সুজল কুমার অধিকারী বলেন, আমরা এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, অভিযুক্ত রিফাত হোসেন শেখ রাসেল হল ছাত্রলীগের কর্মী শাহীন পাশার অনুসারী।