দুর্গাপুরে পুকুর খননকালে পাওয়া গেল প্রাণঘাতী মর্টার শেল

Date: 2022-10-23
news-banner


মো:নুর আলম,দূর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

ভেকু মেশিন দিয়ে নতুন পুকুর খননকালে মাটির নিচে হঠাৎ পাওয়া গেল মর্টার শেল। নেত্রকোনার দুর্গাপুরে শনিবার এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের পুকুরটি খননের সময় ভেকু মেশিন চালক আজিজুল হক ওই মর্টার শেল দেখতে পান। তার মধ্যে কৌতুহল তৈরি হলে তিনি এটি উদ্ধার করে বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মর্টার শেলটি নিজেদের হেফাজতে নেয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল থেকে নলুয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের একটি পুকুর ভেকু মেশিনের মাধ্যমে খনন করছিলেন একই গ্রামের আজিজুল হক। এ সময় তিনি মাটির নিচ থেকে ওই মর্টার শেলটি বেরিয়ে আসতে দেখেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি আমাদের হেফাজতে নিই। পরে এটি স্থানীয় দেবথৈল মাঠে পুলিশ পাহারায় রাখা হয়।

ভেকু চালক আজিজুল বলেন,পুকুর খুঁড়তে গিয়ে হঠাৎ এক অচেনা বস্তু আমার চোখে পড়ে। এরপর এটি উদ্ধার করি। পরে জানতে পারি এটি মর্টার শেল।

পুলিশ বলছে, মর্টার শেলটি অনেক পুরোনো। এটির গায়ে ১৯৫৩ লেখা রয়েছে। 

পুলিশ জানায়,রোববার ময়মনসিংহ থেকে বোম্ব বিশেষজ্ঞ টিম আসবে। তারা মর্টার শেলটি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

Leave Your Comments