রুয়েটের ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে খাবারে ভেজাল দেওয়ার অভিযোগে কর্মচারী আটক; পুলিশে সোপর্দ

Date: 2026-04-25
news-banner

রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অবস্থিত ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে খাবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভেজাল মেশানোর অভিযোগে আব্দুর রাজ্জাক নামের এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সিসিটিভি ফুটেজের সহায়তায় তাকে হাতেনাতে শনাক্ত করে ক্যান্টিন কর্তৃপক্ষ।

শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে অভিযুক্ত কর্মচারী আব্দুর রাজ্জাক ক্যান্টিনে পরিবেশনের জন্য প্রস্তুতকৃত খিচুড়িতে অস্বাভাবিক পরিমাণে লবণ মেশানোর সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসার পর ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। পরবর্তীতে মতিহার থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া জানান, “ক্যান্টিন কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্তকে আটক করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলা টিফিনের স্বত্বাধিকারী মোর্শেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সুনামের সাথে সেবা দিলেও সম্প্রতি রুয়েট শাখায় খাবারের মান ও স্বাদ নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু অভিযোগ আসছিল। সেবার মান নিশ্চিত করতে আমরা নজরদারি বৃদ্ধি করি এবং আজকের এই নাশকতামূলক কর্মকাণ্ডটি ধরে ফেলি। আমাদের ধারণা, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে কোনো বিশেষ মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে এটি করা হয়েছে।”

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন একটি স্থানীয় রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। এই ঘটনার পেছনে অন্য কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বা তৃতীয় পক্ষের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, রুয়েট ক্যাম্পাসে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সচেষ্ট। আজকের এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave Your Comments