রাবি প্রতিনিধি:
নিহত শিক্ষার্থীর শাহরিয়ার এর চিকিৎসা গাফিলতিতে মৃত্যুর ঘটনায় ও রাম িক শিক্ষার্থী ও কর্মচারীদের হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ছটকের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা
সহপাঠীর মৃত্যুতে গর্জে উঠেছেন শিক্ষার্থীরা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও কালক্ষেপণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এম জি এম শাহরিয়ারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন সহপাঠীরা। ওই দিন তাদের ওপর বর্বর আক্রমণ করা হয়েছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে ব্যবস্থা নিতে ৯ দফা দাবি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সেগুলো নিচে দেওয়া হলো।
১. শাহরিয়ারের মরদেহের পাশে অবস্থানকালে তার সহপাঠীদের ওপর নৃশংস হামলায় এবং হত্যাচেষ্টায় জড়িত ইন্টার্ন চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় এবং আনসারদের অতিদ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
২. রামেকের ডিরেক্টর শামীম ইয়াজদানীর অসংলগ্ন আচরণ ও প্রত্যক্ষ মদদে বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। তাকে অপসারণ করতে হবে।
৩. রামেকের অব্যবস্থাপনা ও জরুরি মুহূর্তে ফর্মালিটিজের নামে সাধারণ মানুষের হয়রানি, চাঁদাবাজি ও ক্লিনিকগুলোর সঙ্গে যোগসাজশ বন্ধ করতে হবে।
৪. রামেকে বিদ্যমান বাণিজ্যিক সিন্ডিকেট ভাঙতে হবে। চিকিৎসকদের দোষ ওয়ার্ডবয়দের ওপর, ওয়ার্ডবয়দের দোষ চিকিৎসকদের ওপর চাপিয়ে দেওয়ার সংস্কৃতি আর চলবে না।
৫. এমপি ফজলে হোসেন বাদশার অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রত্যাহার করতে হবে। অসংলগ্ন কথাবার্তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৬. ইন্টার্ন চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা, রোগী ও রোগীর অভিভাবকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অভিযোগ জানাতে গেলে অভিবাবকদের ওপর অস্ত্রোপাচার সামগ্রী দিয়ে আক্রমণের বদোভ্যাস পরিহার করতে হবে। সর্বোপরি মানবিক ও আন্তরিক হতে হবে।
৭. জরুরি বিভাগে সিনিয়র ডাক্তারদের উপস্থিতিতে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডাক্তারদের দায়িত্ব চলাকালীন সময়ে নার্স/ওয়ার্ডবয় দিয়ে প্রক্সি দেওয়ানো চলবে না।
৮. আইসিউ ব্যবস্থা সহজ করতে হবে। ভিসি এবং প্রক্টর স্যারের সিগনেচারের নামে টালবাহানা করে যে কালক্ষেপণ করা হল তা দ্বিতীয় কারও সাথে করা হবে না, এই নিশ্চয়তা দিতে হবে৷
৯. অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। রামেকের ডাক্তার-নার্সরা মনগড়া, বানোয়াট, কাল্পনিক, অসত্য যে ঘটনা সাজিয়েছে তার চিত্র প্রকাশ করে সবাইকে প্রকৃত সত্য ঘটনা জানার সুযোগ করে দিতে হবে।