মোঃআলামিন হোসেন, তাড়াশ উপজেলা :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে কৃষিকাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, “বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল হামিদের মৃত্যু হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।