আব্দুল কাইয়ুম আরজু, (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার পৃথক দুটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম কুয়াকাটা পৌরসভার একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাইনুর আক্তার (২৯) চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার বাসিন্দা। মোঃ বেল্লাল আকন (৪৬) মহিপুর থানার মেলাপাড়া (কুয়াকাটা) এলাকার বাসিন্দা।
এর আগে একই রাতে কুয়াকাটা পৌরসভার হাজী সড়ক সংলগ্ন অপর একটি হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশের আরেকটি দল। সেখান থেকে ১০৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
পটুয়াখালী জেলা ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।